আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮

গাজায় এক বছর ধরে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।
উত্তরাঞ্চলীয় গাজা সিটির আল-রিমাল এলাকার কায়রো স্কুলের পাশে একদল বেসামরিক মানুষের ওপর মিসাইল হামলা চালানো হয় বলে হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন। এতে চার বছরের এক ছেলে শিশুসহ তিনজন নিহত হন।
এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় রুটিন দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তাদের ওপর ড্রোন হামলা চালানো হয়। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘সামরিক অপারেটিভদের’ লক্ষ্য করে দুটি হামলা চালিয়েছে। তবে এর সপক্ষে তারা এখনো কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেয়নি।
গাজা সিটির শিফা হাসপাতালের বাইরের একটি ভিডিওতে দেখা যায়, দুটি বডি ব্যাগ এবং সাদা তোয়ালেতে মোড়ানো এক শিশুর ছোট্ট মরদেহের পাশে একদল মানুষ জড়ো হয়ে জানাজা পড়ছেন।
বার্তা সংস্থা এএফপিকে আলী ওয়াইস বলেন, ‘আমার ছেলে ও তার সন্তান শহীদ হয়েছে। তারা নিজেদের তাঁবুতে বসে ছিল, কাউকে বিরক্ত করছিল না এবং আশপাশেও অন্য কোনো ঘটেনি। হঠাৎ একটি মিসাইল তাদের ওপর আঘাত হানে এবং তারা শহীদ হয়। এখানে কোনো যুদ্ধবিরতি নেই, যুদ্ধ চলছে, আপনারা কি দেখছেন না?’
খান ইউনিসের নাসের হাসপাতালের আরেকটি ভিডিওতে মেঝেতে রাখা বডি ব্যাগের পাশে নারীদের বিলাপ করতে দেখা যায়। নিহত পাঁচ পুলিশ কর্মকর্তার বয়স ২৩ থেকে ৫৩ বছরের মধ্যে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে আখ্যা দিয়েছে।
গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বিমান হামলা প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫৮০ জন নিহত হয়েছেন, যাদের পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে। ইসরায়েল দাবি করে আসছে যে তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে প্রায়ই এতে বেসামরিক নাগরিকরা প্রাণ হারায়।
এদিকে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় গাজার জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনাটি বর্তমানে থমকে আছে।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় আটকে থাকা অবশিষ্ট ৪৮ জন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় এবং যুদ্ধ অবসানের একটি চুক্তি হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ৭৪ হাজার ৫৯৪ জন নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন