আন্তর্জাতিক
ইউক্রেনের কাছে ৫০০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্রমবর্ধমান বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউক্রেনের কাছে ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, পিএসি-৩ ইন্টারসেপ্টর মডেলের এই ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে প্রায় ২১০ কোটি ডলার। কানাডা ও ইউরোপের মিত্র দেশগুলো এই বিশাল অঙ্কের পুরো ব্যয় বহন করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘এই বিক্রিতে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না’ এবং এর প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে লকহিড মার্টিন। চুক্তির অনুমোদনের ঘোষণাকে স্বাগত জানালেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এগুলো হাতে পেতে কয়েক বছর লেগে যেতে পারে।
শুক্রবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, শীতের আগেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে রাশিয়া, তাই তাদের এখনই এই ক্ষেপণাস্ত্র প্রয়োজন।
গত দুই সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ৩০টির বেশি হামলা চালিয়েছে মস্কো। মূলত মজুত থেকে নয়, বরং নতুন করে তৈরি করে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে বলেই দীর্ঘ সময়ের প্রয়োজন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসেবে, বছরে মাত্র ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি হয়।
এদিকে আটলান্টায় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের উপস্থিতির কড়া প্রতিবাদ জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকরা।
বৈঠকে লাভরভকে উদ্দেশ্য করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে আমি সরাসরি একটি কথা বলতে চাই- এই যুদ্ধে আগ্রাসী কে, তা আমরা সবাই জানি।’ নিরপরাধ বেসামরিক মানুষ হত্যার জন্য তিনি সরাসরি রুশ সরকারকে দায়ী করেন।
এর আগে চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলেও ২০শে অক্টোবর অসলোতে এক বৈঠকের পর তা প্রশমিত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মিত্রদের অর্থায়নে এই প্রস্তাবিত বিক্রি ইউরোপের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে এবং একটি অংশীদার দেশের নিরাপত্তা আরও জোরদার করবে
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন