আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ

যুক্তরাষ্ট্র যখন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে আলোচনার পথে হাঁটছে, ঠিক তখনই দেশটিতে হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি এই আহ্বান জানান। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে রবিবার (১ অক্টোবর) রাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।
সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প আপাতত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছেন, অন্যদিকে নেতানিয়াহু দ্রুত সংঘাতের পথে ফিরতে চান। মূলত মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দিয়েছেন তিনি। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহুর সঙ্গে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। তিনি জানান, তাদের মধ্যে ইরান নিয়ে আলোচনা হয়েছে, তবে এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি। ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প শুধু বলেন, ‘আমাদের মধ্যে খুব ভালো কথা হয়েছে।’
এর আগে শনিবার ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’। এর কয়েকদিন আগেই আলোচনার বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে দ্য জেরুজালেম পোস্ট জানতে পেরেছে, ইরানের কাছ থেকে ছাড় আদায়ের অন্যান্য সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের দলের অনেকেই এখন আবারও ইরানে হামলার পক্ষে অবস্থান নিচ্ছেন।
এদিকে পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতিও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহে ইসরায়েলে ১০টির বেশি সামরিক পরিবহন বিমান পাঠানো হয়েছে। এছাড়া ইসরায়েল ও অন্যান্য আরব মিত্রদের কাছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর স্থানান্তরের খবরও প্রকাশ্যে এসেছে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
ডিবিসি/এসভিএন