আন্তর্জাতিক
স্পেনের ট্রেন দুর্ঘটনায় ৪ মার্কিনসহ ১০ বিদেশি নাগরিকের মৃত্যু

স্পেনে গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডাসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন।
স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্যমতে, এই শতাব্দীতে ইউরোপের অন্যতম ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় ৫৪ জন স্প্যানিশ নাগরিকের পাশাপাশি চারজন মার্কিন এবং কানাডা, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, তিউনিসিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স ও পর্তুগালের একজন করে নাগরিক প্রাণ হারিয়েছেন।
নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আইনি সংস্থা কাজ করছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে আর মাত্র তিনজনের পরিচয় শনাক্ত করা বাকি আছে। এছাড়া নিখোঁজ হিসেবে দুজন অস্ট্রেলিয়ান ও একজন জাপানি নাগরিকের সন্ধান চলছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘যেসব পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা স্পেনে এসে সরাসরি শনাক্তকরণের ইচ্ছা প্রকাশ করেছেন। তাই আমরা তাদের দেশে আসার অপেক্ষায় রয়েছি।’
দুর্ঘটনাটি ঘটে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে উরদা গ্রামের কাছে। স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় ৬৩ কিলোমিটার লাইনের সব ট্রেন থেমে ছিল। কিন্তু নিয়ন্ত্রণকক্ষের ভুল নির্দেশে রাষ্ট্রীয় অপারেটর রেনফের একটি ট্রেন চলতে শুরু করে এবং স্প্যানিশ কোম্পানি ইরিয়োর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এটি চলতি বছর স্পেনে দ্বিতীয় উচ্চগতির ট্রেন দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আন্দালুসিয়া অঞ্চলে আরেক ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন, যা দেশটির রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
আগামী ২৯ নভেম্বর স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপে পিছিয়ে থাকা সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ যখন তার আট বছরের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামছেন, ঠিক তার এক মাস আগে এই মর্মান্তিক ট্র্যাজেডি দেশটিতে বড় ধরনের প্রভাব ফেলল।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসভিএন