আন্তর্জাতিক, ভারত
ভারতের উত্তরাখণ্ডে
তুষারধসের তিন দিন পরও নিখোঁজ ৮ ট্রেকার

ভারতের উত্তরাখণ্ডের কেদারতাল ট্রেকিং পথে তুষারধসের পর তিন দিন পেরিয়ে গেলেও আট অভিযাত্রীর সন্ধান মেলেনি। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি পথের কারণে উদ্ধার অভিযান বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তবে নিখোঁজদের সন্ধানে স্থল ও আকাশপথে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বন বিভাগের অনুমতি নিয়ে গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশে রওনা দেন ১২ জনের একটি দল। তাদের মধ্যে সাতজন অভিযাত্রী, একজন গাইড, একজন রাঁধুনি ও তিনজন মালবাহক ছিলেন। ২৯ অক্টোবর তাদের ফেরার কথা থাকলেও ভারী তুষারপাত, হিমবাহের নড়াচড়া ও তুষারধসে ফেরার পথ বন্ধ হয়ে যায়।
৩০ অক্টোবর কাচ্ছি ঢাং এলাকার কাছে অবস্থানকালে ট্রেকিং সংস্থার সঙ্গে ফোনে যোগাযোগ করে দলটি নিজেদের নিরাপদ থাকার কথা জানায় এবং উদ্ধারের আবেদন করে।
পরবর্তী সময়ে নেপালের তিন মালবাহক নয়ন বাহাদুর সিং, হরি বাহাদুর শাহী ও দীপক সিং এবং উত্তরকাশীর রাঁধুনি রোহন রানা নিরাপদে ফিরে আসেন। তবে বাকি আটজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের তাপস বাউরি, রত্না ঘোষ, মনোজ খোবাস, ঋতু মণ্ডল ও উদয় ঘোষ; উত্তর প্রদেশের ভার্তিকা ভার্মা এবং উত্তরকাশীর গাইড সিদ্ধার্থ রানা রয়েছেন।
৩১ অক্টোবর থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ১ নভেম্বর হেলিকপ্টারে একাধিকবার অনুসন্ধান চালিয়েও নিখোঁজদের তাঁবু বা অবস্থানের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) বিশেষ দল আবারও তল্লাশি শুরু করেছে। কর্মকর্তাদের তথ্যমতে, আটকে পড়াদের একজন মাথায় আঘাত পেয়েছেন। অন্যদের অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ডিবিসি/এসএফএল