বাংলাদেশ, সারা বাংলা
কিশোরগঞ্জের ভৈরবে
ধানখেতে ইঁদুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

কিশোরগঞ্জের ভৈরবে ধানখেতে ইঁদুর তাড়ানোর জন্য নিজের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান জজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান জজ মিয়া ভৈরব উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী। তিনি শিমুলকান্দি গ্রামের বাদশা বাড়ির বাসিন্দা ও মৃত মফিজ উদ্দিনের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের জমির ধান ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে ধানের গোছায় বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেছিলেন সাইদুর রহমান। প্রতিদিন রাতে ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে তা বিচ্ছিন্ন করতেন। সোমবারও নিয়মিত কাজের অংশ হিসেবে জমিতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার চেষ্টা করেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
ডিবিসি/এসএফএল