শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নকলের দায়ে ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১৯ শিক্ষার্থীর পুরো এক বা একাধিক সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মাছুদুল হক তালুকদারের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশ মোতাবেক ১৮ জন শিক্ষার্থীর সংশ্লিষ্ট সেমিস্টারের সব কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বর্তমান সেমিস্টারের পাশাপাশি পরবর্তী আরও একটি সেমিস্টারের পরীক্ষাও বাতিল করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, ৫ জন শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু একটি নির্ধারিত কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে সকল খরচ বহন সাপেক্ষে তারা নির্ধারিত কোর্সটির রিটেক পরীক্ষা দিতে পারবেন। এর আগে গত ১৭ অক্টোবর পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধ পর্যালোচনা করে এসব শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়।
ডিবিসি/এমএনকে