ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টেকনাফে ভুয়া কাস্টমস পরিচয়ে প্রতারণা: ডিবিসিতে সংবাদের পর থানায় জিডি

টেকনাফে ভুয়া কাস্টমস পরিচয়ে প্রতারণা: ডিবিসিতে সংবাদের পর থানায় জিডি

সারা বাংলা

টেকনাফে ভুয়া কাস্টমস পরিচয়ে প্রতারণা: ডিবিসিতে সংবাদের পর থানায় জিডি

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে টেকনাফ স্থল কাস্টমস কর্তৃপক্ষ। একই সঙ্গে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল থেকেও ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

গত ১৪ অক্টোবর ডিবিসি ২৪/৭ নিউজে ‘কাস্টমসের ভুয়া কর্মকর্তা জসিম উদ্দিন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে জসিম উদ্দিন নামের এক ব্যক্তির ছবি ও পরিচয় তুলে ধরা হয়। বিষয়টি নজরে আসার পর টেকনাফ স্থল কাস্টমস স্টেশনের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় একটি জিডি করা হয়। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, জসিম উদ্দিন নামে বর্তমানে বা অতীতে কোনো কর্মকর্তা টেকনাফ কাস্টমসে কর্মরত ছিলেন না।

 

টেকনাফ স্থল কাস্টমস স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জুয়েল স্বাক্ষরিত ওই অভিযোগে বলা হয়, কাস্টমসের নাম ব্যবহার করে ওই ব্যক্তি কোনো অপ্রীতিকর বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন।

 

এদিকে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল থেকেও গত ১৯ অক্টোবর রাজস্ব কর্মকর্তা দেবাশীষ সরকার স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। সেখানে বলা হয়, ডিবিসি নিউজে প্রদর্শিত ব্যক্তি তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন। তিনি যদি কাস্টমসের নাম ও লোগো সংবলিত ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে কোনো অপকর্ম করেন, তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ডিজিএফআই, এনএসআইসহ স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোকেও অবগতির জন্য দেয়া হয়েছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর কাস্টমস কর্তৃপক্ষের অভিযোগটি তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

কাস্টমস কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এমন ভুয়া পরিচয়দানকারীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন