আন্তর্জাতিক, অন্যান্য
২৩ আরোহীসহ ইরানি জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা

সোমালিয়ার উপকূলে ২৩ আরোহীসহ ইরানের একটি মাছ ধরার জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। জাহাজটি ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযানে নতুন করে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মেরিটাইম সিকিউরিটি সেন্টার ইন্ডিয়ান ওশান।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সোমালিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বন্দর বায়লা ও হাফুন উপকূলের মধ্যবর্তী এলাকায় ‘আজিনি’ নামের জাহাজটি ছিনতাই করা হয়।
পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ১২ জন জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এতে ২১ জন ইরানি নাবিক ও দুই সোমালি নিরাপত্তারক্ষী ছিলেন। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার জারি করা সতর্কবার্তায় মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, ছিনতাই হওয়া জাহাজটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথের দিকে অগ্রসর হচ্ছে। জলদস্যুরা এটিকে ভাসমান ঘাঁটি হিসেবে ব্যবহার করে অন্য জাহাজে হামলা চালাতে পারে।
ঘটনাটি তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়নের নৌ-অভিযান ‘অপারেশন আটালান্টা’। একই সঙ্গে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সম্প্রতি এডেন উপসাগর ও পশ্চিম ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের তৎপরতা বেড়েছে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ছয়টি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সেপ্টেম্বরে জলদস্যুদের হাতে আটক ‘এমটি অনার ২৫’ নামের ট্যাংকারের পাঁচ নাবিক নিহত হন। পরে নিরাপত্তা বাহিনী জাহাজটি উদ্ধার করে এবং ১৬ সন্দেহভাজন জলদস্যুকে আটক করে।
ইরান যুদ্ধ ও হুতি বিদ্রোহীদের হামলার হুমকিতে এমনিতেই ওই অঞ্চলের নৌবাণিজ্য ব্যাহত হচ্ছে। এর মধ্যে জলদস্যুদের নতুন তৎপরতায় আন্তর্জাতিক জাহাজ চলাচল, জ্বালানি পরিবহন ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
ডিবিসি/এসএফএল