ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ইউরোপ

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

আন্তর্জাতিক, ইউরোপ

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫৬ মিনিট আগে

ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও হিমায়নব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সুইডেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও আয়ারল্যান্ডের একাধিক বিপণিবিতানে হ্যাকাররা দূর থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় হস্তক্ষেপ করে। এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান আহোল্ড ডেলহাইজ, কোলরুইট, আইসিএ, কুপ ও ক্যারেফোরের বিভিন্ন শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাবপত্র বিক্রেতা প্রতিষ্ঠান আইকিয়ার বেলজিয়ামের একটি শাখাও আক্রান্ত হয়েছে।


সুইডেনের স্টকহোমে আইসিএর একটি বিপণিবিতানের বিক্রয় ব্যবস্থাপক এংলা ইংওয়াল জানান, স্থানীয় সময় রাত দুইটার দিকে হামলা হয়। এতে ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে সংরক্ষিত সব খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।


বেলজিয়ামে ক্যারেফোরের ১৫টি এবং স্পারের পাঁচটি দোকান আক্রান্ত হয়েছে। সুইডেনে কুপের সাতটি এবং আয়ারল্যান্ডে সুপারভ্যালুর ১৩টি শাখায় হিমায়নব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।


বেলজিয়ামের এক মাংস ব্যবসায়ী জানিয়েছেন, হামলায় তার প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের মাংস নষ্ট হয়েছে।


এর আগে অক্টোবরে ফ্রান্সের শতাধিক সুপারমার্কেটে একই ধরনের হামলার ঘটনা ঘটে। তবে সর্বশেষ হামলার সঙ্গে আগের ঘটনার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি।


সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হিমায়নব্যবস্থা হ্যাকারদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হামলার পেছনে নাশকতার উদ্দেশ্য থাকতে পারে।


ইউরোপীয় কমিশন এ ঘটনাকে খাদ্য সরবরাহব্যবস্থার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে। সংস্থাটির কৃষিবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন বলেছেন, ধারাবাহিক এসব সাইবার হামলা অত্যন্ত উদ্বেগজনক। তবে হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন