ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

সারা বাংলা

আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোছাফফা এলাকায় সামান্য অর্থের বিরোধে পুলক নাথ নামে এক বাংলাদেশি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর রুমমেটের বিরুদ্ধে। নিহত পুলক চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা। আগামী শুক্রবার তাঁর দেশে ফেরার কথা ছিল বলে জানিয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। পরদিন শনিবার স্বজনেরা তাঁর মৃত্যুর খবর পান।

 

পরিবারের অভিযোগ, পাওনা টাকা নিয়ে পুলকের সঙ্গে তাঁর রুমমেটের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই রুমমেট তাঁকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই পুলকের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। অভিযুক্ত রুমমেট মিশরীয় নাগরিক বলে জানিয়েছেন স্বজনেরা।

 

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় চার বছর আগে আবুধাবির মোছাফফা এলাকায় পাড়ি জমান পুলক। সেখানে তিনি থাই গ্লাসের কাজ করতেন।

 

স্বজনেরা জানান, আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল পুলকের। তাঁকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু ফেরার আগেই তাঁর মৃত্যুর খবর আসে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।

 

পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন