ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কক্সবাজারে নিখোঁজের ১০ দিন পর রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজের ১০ দিন পর রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

সারা বাংলা

কক্সবাজারে নিখোঁজের ১০ দিন পর রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের ১০ দিন পর পাহাড়ি এলাকা থেকে মুজিবুর রহমান (৩২) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। সেই টাকা না পাওয়ায় তাঁর প্রাণ নেওয়া হয়েছে বলে দাবি স্বজনদের।

সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের মধ্যবর্তী নুনিয়ারছড়ার গহিন পাহাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মুজিবুর রহমান উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের বাসিন্দা ছিলেন।

 

স্বজনদের অভিযোগ, গত ২৩ অক্টোবর পালংখালী এলাকায় একটি ইজিবাইকের গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে মুজিবুরকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁর ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

 

পরিবারের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জকে লিখিতভাবে জানানো হয়। পাশাপাশি উখিয়া থানায়ও অভিযোগ করা হয়।

 

ওসি আতিকুর রহমান মজুমদার জানান, পাহাড়ি জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

 

তবে এ ঘটনায় কারা জড়িত এবং কী ঘটেছিল, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

 

মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন