সারা বাংলা
নারায়ণগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণের পর আগুন, দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সীম গ্রুপের একটি টেক্সটাইল কারখানায় কম্প্রেসার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এতে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ একজন শ্রমিক দগ্ধ হওয়ার দাবি করেছে।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকেরা হলেন ইসমাইল, কামরুল ইসলাম, তপন ও নাঈমুল ইসলাম। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাঁদের মধ্যে নাঈমুলের অবস্থা আশঙ্কাজনক।
শ্রমিকেরা জানান, কারখানার চারতলা ভবনের দ্বিতীয় তলায় মেকানিক্যাল সেকশনের এয়ার কম্প্রেসার কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে থাকা শ্রমিকেরা নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। ওই কক্ষে কর্মরত চার শ্রমিক দগ্ধ হলে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কাঞ্চন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কারখানার প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম দাবি করেন, কারখানার ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণে একজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় আহতের সংখ্যা ও চিকিৎসার স্থান নিয়ে শ্রমিকদের দেওয়া তথ্যের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বক্তব্যে অমিল রয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবিসি/এমএনকে