ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইউক্রেনের সাহায্য কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৪ জন নিহত

ইউক্রেনের সাহায্য কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৪ জন নিহত

আন্তর্জাতিক

ইউক্রেনের সাহায্য কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজ্জা অঞ্চলের একটি মানবিক সাহায্য কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি পরিষেবা সংস্থা এই তথ্য জানিয়েছে।

প্রেক্ষাপট তুলে ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কমিশুভাকা গ্রামের একটি স্কুলকে মানবিক সাহায্য কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যা এই বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন।

 

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, প্রথম বিমান হামলার পর একই স্থানে আরও নয়টি বোমা নিক্ষেপ করে পুনরায় হামলা চালানো হয়। ওই সময় লোকজন সেখানে আশ্রয় নিয়েছিলেন। তিনি আরও বলেন, কমিশুভাকার বাসিন্দারা যে নিয়মিত সেখানে সাহায্য নিতে আসেন, তা রুশ বাহিনীর অজানা ছিল না। এই হামলা প্রমাণ করে যে রাশিয়া কোনো ধরনের উত্তেজনা প্রশমন বা প্রকৃত ন্যায়বিচার চায় না।

 

ইউক্রেনের জরুরি পরিষেবা কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভবনটি পুড়ে ধোঁয়া ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছেন। আঞ্চলিক গভর্নর মাইখাইলো সেমিকিন জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং স্টেট ইমার্জেন্সি সার্ভিসের দুই উদ্ধারকর্মী রয়েছেন।

 

এদিকে ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও হামলা অব্যাহত রয়েছে। খারকিভ অঞ্চলে ড্রোন হামলায় ১২ জন আহত এবং একটি রেফ্রিজারেশন সুবিধা, গ্রিনহাউস ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওডেসা শহরেও একটি গুদাম ও বাড়িঘরে হামলায় পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা রাতভর ২১২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন