আন্তর্জাতিক, ভারত
১২০ কি.মি. গতিতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে। ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস আঘাত হানছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে প্রকাশম জেলার ওঙ্গোলের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থল উপকূল অতিক্রম করা শুরু করে। সে সময় থেকেই ওই বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বৃষ্টিপাত ও ধ্বংসাত্মক বাতাস বইতে দেখা যায়।
আইএমডির রাত দেড়টার সর্বশেষ বুলেটিন মতে, ঝড়টি ওঙ্গোল থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে চূড়ান্তভাবে স্থলভাগ অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রবল বাতাসের পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতে স্বাভাবিকের চেয়ে ১ থেকে দেড় মিটার বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের চরম শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, এর ফলে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলার নিম্নাঞ্চলগুলো দ্রুত পানিতে তলিয়ে যেতে পারে।
আগামী ১২ ঘণ্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতিতে মারাত্মক জলাবদ্ধতা ও জনজীবনে বিপর্যয়ের আশঙ্কায় আইএমডি তিনটি প্রধান ঝুঁকি সামনে রেখে ঘূর্ণিঝড়টির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ডিবিসি/এফএইচআর