সারা বাংলা
বরগুনায় ৪ হাজার ৭০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, জামাই পলাতক

বরগুনার আমতলীতে ৪ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ কহিনুর বেগম (৪০) ও তাঁর স্বামী মো. সেলিম প্যাদাকে (৫৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার কুকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চুনাখালী গ্রামে তাঁদের বাড়িতে এ অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য, অভিযানের সময় দম্পতির জামাতা মো. সবুজ মৃধা (৩২) পালিয়ে যান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রুমা আক্তারের সহায়তায় কহিনুরকে আটক করা হয়। ডিবির অন্য সদস্যরা সেলিমকে আটক করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, কহিনুরের দেহ তল্লাশি করে ২০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে টেপ ও পলিথিনে মোড়ানো আরও ৪ হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা। মাদক পরিবহন ও সংরক্ষণে ব্যবহৃত কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সবুজ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে ইয়াবা কিনে শ্বশুরবাড়িতে রাখতেন। পরে অটোরিকশায় করে বিভিন্ন এলাকায় নিয়ে খুচরা ও পাইকারি দরে বিক্রি করতেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কহিনুর, সেলিম ও সবুজের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সবুজকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ডিবিসি/আরএসএল