আন্তর্জাতিক, অন্যান্য
২৮ বছর বিশ্বভ্রমণ শেষে মায়ের কোলে ফিরলেন কার্ল বুশবি!

দীর্ঘ ২৮ বছরের দুঃসাহসিক বিশ্বভ্রমণ শেষে নিজ বাড়িতে ফিরেছেন ব্রিটিশ অভিযাত্রী কার্ল বুশবি। প্রায় ৫০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোমবার (২ নভেম্বর) ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর হালে পৌঁছান ৫৭ বছর বয়সী এই অভিযাত্রী। এ সময় মায়ের সঙ্গে তাঁর আবেগঘন পুনর্মিলন ঘটে।
বাড়ির সামনে ‘ওয়েলকাম হোম সন’ লেখা ব্যানারের নিচে মা অ্যাঞ্জেলা তাকে জড়িয়ে ধরেন। এর আগে শহরের কেন্দ্রস্থলে শত শত মানুষ উচ্ছ্বাসের সঙ্গে তাকে স্বাগত জানান।
১৯৯৮ সালের নভেম্বরে চিলির পুন্তা অ্যারেনাস থেকে ‘গোলিয়াথ এক্সপেডিশন’ নামে যাত্রা শুরু করেন বুশবি। সঙ্গে ছিল একটি তাঁবু, কয়েক শ ডলার ও একটি সাধারণ ক্যামেরা। তার লক্ষ্য ছিল কোনো মোটরচালিত যানবাহনের সাহায্য ছাড়াই অবিচ্ছিন্ন পথে হেঁটে নিজ দেশে ফেরা।
অভিযাত্রায় তিনি দক্ষিণ ও উত্তর আমেরিকা পাড়ি দেন। কলম্বিয়া ও পানামার মধ্যবর্তী বিপজ্জনক দারিয়েন গ্যাপের জঙ্গল অতিক্রম করেন। এরপর আলাস্কা থেকে বরফে জমে যাওয়া বেরিং প্রণালি পেরিয়ে রাশিয়ায় প্রবেশ করেন। মঙ্গোলিয়া ও চীন হয়ে এগিয়ে যান ইউরোপের দিকে। এ ছাড়া সাঁতরে কাস্পিয়ান সাগর ও ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
দীর্ঘ যাত্রায় রাশিয়ায় আটক, ভিসাসংক্রান্ত জটিলতা ও অর্থসংকটের মুখোমুখি হন তিনি। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটে বড় পৃষ্ঠপোষকদের সহায়তা হারানোয় ১২ বছরের পরিকল্পিত অভিযান শেষ হতে ২৮ বছর লেগে যায়।
বাড়ি ফিরে বুশবি বলেন, অসংখ্য অপরিচিত মানুষের সহযোগিতা ছাড়া এই যাত্রা শেষ করা সম্ভব হতো না।
তার দুঃসাহসিক অভিযান নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র নির্মাণের কাজ চলছে। শিগগিরই ইংল্যান্ডজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পরিকল্পনা রয়েছে তার।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল