আন্তর্জাতিক
জমজমের পানি পাচার করতে গিয়ে আটক, ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা

সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টায় এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করেছে দেশটির একটি কাস্টমস কমিটি। গাড়ির পেছনে (ট্রাঙ্কে) লুকিয়ে বিপুল পরিমাণ এই পানি পাচারের সময় তাকে আটক করা হয়।
দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস চেকপয়েন্টে তল্লাশির সময় ওই ব্যক্তির গাড়ির ট্রাঙ্ক থেকে এই পানি উদ্ধার করা হয়। রিয়াদের দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটির এক রুলে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি এই পানির বিষয়ে কাস্টমসকে কোনো তথ্য দেননি।
কমিটি জানায়, সৌদি আরবের নিয়ম অনুযায়ী যেসব পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে, জমজমের পানি তার মধ্যে অন্যতম। আগে থেকে ঘোষণা না দিয়ে এভাবে পানি নিয়ে যাওয়াকে কাস্টমস ফাঁকি বা পাচার হিসেবে বিবেচনা করা হয়েছে।
জব্দ করা পানির সমপরিমাণ মূল্যের জরিমানা হিসেবে ওই ব্যক্তিকে ৩ হাজার ৮০০ রিয়াল পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা পানি বাজেয়াপ্ত করারও রায় দিয়েছে কমিটি।
এই ঘটনায় পাবলিক প্রসিকিউশন জরিমানার পাশাপাশি ওই ব্যক্তির কারাদণ্ড চেয়েছিল। তবে কমিটি কারাদণ্ডের আবেদন খারিজ করে দেয়। কমিটি জানায়, অভিযুক্ত ব্যক্তির আগে কোনো অপরাধের রেকর্ড নেই, তাই তাকে যে শাস্তি দেয়া হয়েছে সেটিই যথেষ্ট।
সূত্র: খলিজ টাইমস
ডিবিসি/এসভিএন