বাংলাদেশ, সারা বাংলা
৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ পোশাকশ্রমিকদের

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (৩ নভেম্বর) আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বেলা তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নেন।
এতে সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে জলকামান ও এপিসি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এর আগে সোমবারও একই দাবিতে দুপুর থেকে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন। শ্রমিকদের প্রধান পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব কারখানায় রেশনিং ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা, নিহত শ্রমিক আমজাদ হোসেন কামাল হত্যার বিচার এবং বিনা কারণে ছাঁটাই বন্ধ করে শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক ও আদমজী ইপিজেডে কারখানাগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকলেও বেলা সোয়া তিনটার দিকে হঠাৎ শ্রমিকেরা সড়কে নেমে এলে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। সার্বিক নিরাপত্তা জোরদার করতে জেলায় তিন প্লাটুন রিজার্ভ ও দুই প্লাটুন টহলসহ মোট পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন।
ডিবিসি/এমএনকে