সারা বাংলা
নেত্রকোনায় সরকারি অর্থে ভবন, টানা দুই বছরে পাস করেনি কেউ

নেত্রকোনা সদর উপজেলার ভাষাসৈনিক আবুল হোসেন কলেজ থেকে টানা দুই বছর এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেননি। সরকারি অর্থে ভবন নির্মাণ করা এই কলেজ থেকে এবার চারজন ও গত বছর দুজন পরীক্ষায় অংশ নেন। স্থানীয় বাসিন্দারা ভবন নির্মাণের বরাদ্দে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল অনুযায়ী, এবার নেত্রকোনার মোট ছয়টি কলেজ থেকে কেউ পাস করেননি। ছয়টি কলেজই নন-এমপিওভুক্ত।
সদর উপজেলার রৌহা ইউনিয়নের শাহপুর গ্রামে ২০১৯ সালে ভাষাসৈনিক আবুল হোসেন কলেজ প্রতিষ্ঠিত হয়। এবার কলেজটির চার পরীক্ষার্থীর মধ্যে তিনজন মানবিক ও একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলেজে নিয়মিত শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি নেই। এমন প্রতিষ্ঠানে ভবন নির্মাণের জন্য কীভাবে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
জেলার অন্য পাঁচটি কলেজ থেকে এবার যথাক্রমে একজন, তিনজন, চারজন, ছয়জন ও ১৬ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই উত্তীর্ণ হননি। জেলার ১০ উপজেলা থেকে মোট ১৩ হাজার ৯১১ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন।
নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা জানান, ছয় কলেজের শিক্ষকদের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে। শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার কারণ খুঁজে বের করতে এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিবিসি/আরএসএল