ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে সরকার। ‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি উদ্যোগ’-এর আওতায় গত ১ নভেম্বর থেকে দেশের ৫৬টি জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির অধীনে নির্বাচিত একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে পাবেন। অর্থাৎ, ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকার আর্থিক সহায়তা এককালীন দেওয়া হবে। অনুদানের এই অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সরবরাহ করা হবে।

 

এর আগে প্রাথমিক পর্যায়ে দেশের আটটি জেলার (মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা) ৬৪টি উপজেলায় এই কর্মসূচি পরিচালিত হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলা ওই পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে এবং মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫,৩৫১টি আবেদন জমা পড়েছে নেত্রকোনায়। এছাড়া রংপুরে ২,৭৪৫টি, নওগাঁয় ২,৪৫৬টি, ঝিনাইদহে ২,১৯১টি, হবিগঞ্জে ১,৫৫২টি, ভোলায় ১,৫৪৫টি, মানিকগঞ্জে ১,৩৪৩টি এবং ফেনীতে ১,২৬১টি আবেদন জমা পড়েছে।

 

প্রাথমিক পর্যায়ের সাফল্যের পর এবার অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার উদ্যোক্তাদের জন্য সুযোগ উন্মুক্ত করা হয়েছে। আগ্রহী তরুণরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল (www.bb.org.bd/smespd_portal) অথবা তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। যথাযথভাবে পূরণকৃত ফরম সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে এই কর্মসূচির পূর্ণাঙ্গ নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এই কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন