বাংলাদেশ, সারা বাংলা
গাজীপুরে অপহরণের ১০ ঘন্টা পর ওষুধ কোম্পানির কর্মকর্তা উদ্ধার, গ্রেপ্তার ৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চক্র দীর্ঘদিন ধরে পথচারীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। গত রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের কর্মকর্তা আরিফ হোসেনকে (৩৭) মাওনা চৌরাস্তা থেকে অপহরণ করে চক্রটি। পরে সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় শ্রীপুর থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে এসআরবি-১ অভিযান চালিয়ে ১০ ঘণ্টার মধ্যে অপহৃত ওই কর্মকর্তাকে উদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় চক্রের তিন সদস্য মো. জাকির হোসেন (৩৫), হামিদুল (৩২) ও রাজীব কাজীকে (২৮)। তাদের বাড়ি বিভিন্ন জেলায়। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১-এর কোম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ।
এসআরবি কর্মকর্তা আরও জানান, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা আরিফ হোসেন ঢাকার অফিসে যাওয়ার জন্য রবিবার সকাল সাড়ে ৬টার দিকে মাওনা চৌরাস্তায় আসেন। সেখান থেকে চক্রটি তাকে একটি প্রাইভেট কারে তুলে অপহরণ করে এবং পরিবারের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করে।
অপহৃতের স্ত্রী মোছা. তানিয়া আক্তার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি জিডির কপি নিয়ে হাজির হন গাজীপুরের এসআরবি-১-এর কার্যালয়ে।
কোম্পানি কমান্ডারের নির্দেশে এসআরবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের পেপসি এমপি চেকপোস্টের সামনে থেকে ভিকটিম আরিফ হোসেনকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি। পরে গ্রেপ্তারকৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘এসআরবি তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ডিবিসি/এসভিএন