সারা বাংলা
নাটোরে তিন হাজার টাকার জাল নোটসহ আটক ১

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া বাজারে এক হাজার টাকা মূল্যমানের তিনটি জাল নোটসহ মিঠু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ও সংস্থাটির সদস্যদের অংশগ্রহণে নাটোর সদর থানা-পুলিশ এ অভিযান চালায়। মিঠু রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত কাশেম।
এনএসআই সূত্রে জানা যায়, দিঘাপতিয়া বাজারে এক মাছ বিক্রেতাকে এক হাজার টাকার জাল নোট দিয়ে মাছ কেনেন মিঠু। খবর পেয়ে এনএসআইয়ের নাটোর দল বাজারে অনুসন্ধান চালায়। এ সময় আরও দুই ব্যবসায়ীকে মোট দুই হাজার টাকার জাল নোট দেওয়ার তথ্য পায় সংস্থাটি।
বিষয়টি নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হলে সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে মিঠুকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে তিন হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে জানায় এনএসআই সূত্র। মিঠু নাটোর সদর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিবিসি/আরএসএল