আন্তর্জাতিক, আমেরিকা
ইসরায়েলের জন্য বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিয়মিত আর্থিক সহায়তা বন্ধ করা হবে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক মাস আগেই সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে প্রায় ৪০০ কোটি ডলার সহায়তা দেয়। তবে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী বছরের শেষ নাগাদ এই অর্থায়ন বন্ধ হবে।
ট্রাম্প আরও জানান, প্রয়োজন হলে ভবিষ্যতেও ইসরায়েলকে সহায়তা করবে ওয়াশিংটন। তবে কোন ধরনের সহায়তা বন্ধের কথা বলা হচ্ছে, তা স্পষ্ট করেননি তিনি।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, সহায়তা বন্ধের প্রস্তাব প্রথমে নেতানিয়াহুই দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে অর্থায়নের বিষয়টি রাজনৈতিক বিতর্কের কারণ হয়ে ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ট্রাম্পের ঘোষণার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনের সময় ইসরায়েলবিরোধী জনমত ও রাজনৈতিক সমালোচনা মোকাবিলায় এই ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে মার্কিন কংগ্রেসের অনুমোদিত অর্থায়ন প্রেসিডেন্ট এককভাবে বন্ধ করতে পারেন না। ফলে সিদ্ধান্তটি বাস্তবে কার্যকর হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সম্প্রতি কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ মার্কিন ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে এই হার ৬৬ শতাংশ।
এর আগে জুলাইয়ে ইসরায়েলকে সহায়তা বন্ধের একটি সংশোধনী প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে ৩১৪-১০৪ ভোটে প্রত্যাখ্যাত হয়েছিল।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল