বাংলাদেশ, সারা বাংলা
খুলনায় মাটিতে পড়ে থাকা মুড়ির প্যাকেট খুলতে গিয়ে বোমা বিস্ফোরণে জামায়াত নেতা আহত

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তার বসতঘরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে তিনি বসতঘরের দরজার সামনে পলিথিনের একটি প্যাকেটে মুড়ি পড়ে থাকতে দেখেন। কেউ ভুল করে প্যাকেটটি রেখে গেছে মনে করে তিনি সেটি ঘরের ভেতরে নিয়ে যান। পরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে প্যাকেটটিতে থাকা বোমার বিস্ফোরণ ঘটে।
এতে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত মনিরুলকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ডিবিসি/এসভিএন