আন্তর্জাতিক
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত

স্পেনে গত সপ্তাহে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ আরও তিনজনের পরিচয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ এ শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হলো।
গত বুধবারের এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। নিহতদের স্বজনদের জন্য এই কয়েক দিন ছিল চরম বেদনাদায়ক ও দীর্ঘ অপেক্ষার। ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, অনেক ক্ষেত্রে মরদেহের বিচ্ছিন্ন অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে ফরেনসিক দলকে পরিচয় নিশ্চিত করতে হয়েছে।
পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, সর্বশেষ শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুজন অস্ট্রেলিয়ার এবং একজন জাপানের নাগরিক।
শনাক্ত হওয়া ৬৯ জনের মধ্যে ৫৪ জনই স্পেনের নাগরিক এবং বাকি ১৫ জন বিদেশি। বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের চারজন, অস্ট্রেলিয়ার দুজন, জাপানের দুজন এবং আর্জেন্টিনা, কানাডা, ফ্রান্স, মেক্সিকো, পর্তুগাল, তিউনিসিয়া ও চেক প্রজাতন্ত্রের একজন করে নাগরিক রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচয় নিশ্চিত হওয়া মরদেহগুলো যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের কাজ শুরু হয়েছে।