সারা বাংলা
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আয়োজিত প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কসবা পৌর বাজারে এ ঘটনা ঘটে। নবগঠিত কমিটিকে অবৈধ ও বিতর্কিত দাবি করে পদবঞ্চিত ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, নবগঠিত কমিটি বাতিলের দাবিতে তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল চলাকালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নবগঠিত কমিটিতে পদ পাওয়া কয়েকজনের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও জড়িত ছিলেন বলে দাবি করেন তাঁরা।
এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। ঘটনার পর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, ‘ঘটনাটি পুরোপুরি জানতে পারিনি। মূলত কী নিয়ে এ ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। তবে বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি, নতুন কমিটিকে ঘিরেই ঘটনার সূত্রপাত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘১২ সদস্যের এই কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ করা হবে। যারা এ বিশৃঙ্খলার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘মারামারির ঘটনা আমরা জানতে পেরেছি। তবে কোনো পক্ষই এ বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করেনি।’
ডিবিসি/আরএসএল