ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

বিক্ষোভ ও ধর্মঘটে প্যারিস অচলের আশঙ্কা

বিক্ষোভ ও ধর্মঘটে প্যারিস অচলের আশঙ্কা

আন্তর্জাতিক

বিক্ষোভ ও ধর্মঘটে প্যারিস অচলের আশঙ্কা

ফ্রান্স প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বেতন বৃদ্ধি, ক্রয়ক্ষমতা ধরে রাখা এবং সরকারি পরিষেবার মান উন্নয়নের দাবিতে আজ ৫ নভেম্বর উত্তাল হতে যাচ্ছে ফ্রান্স। দেশজুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট ও দুই শতাধিক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী প্যারিসসহ সমগ্র ফ্রান্সে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে দেশব্যাপী ৭০ হাজার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছে প্রশাসন। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্য অনুযায়ী, কেবল প্যারিসের মূল কর্মসূচিতেই ৪০ থেকে ৮০ হাজার মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

প্যারিসে বিক্ষোভের মূল মিছিলটি আজ দুপুর দুইটায় ঐতিহাসিক রিপাবলিক চত্বর থেকে শুরু হয়ে প্লাস দ্যা ন্যাশনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে আয়োজকরা বাস্তিল থেকে কনকর্ড পর্যন্ত মিছিলের অনুমতি চাইলেও নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে পুলিশ প্রিফেকচার সেই রুট বাতিল করে দেয়। পরবর্তীতে আয়োজকরা আদালতের দ্বারস্থ হলেও তাদের আবেদন খারিজ হয়ে যায় এবং পুলিশের নির্ধারিত বিকল্প রুটই বহাল থাকে। প্রশাসনের আশঙ্কা, এই বিশাল বিক্ষোভের সুযোগ নিয়ে উগ্র বামপন্থী গোষ্ঠী এবং ‘ব্ল্যাক ব্লক’ সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ভাঙচুর ও সহিংসতা চালাতে পারে। এ বিষয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং আইন ভঙ্গকারীদের সরাসরি গ্রেপ্তারসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিক্ষোভ ঘিরে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আজ সকাল ১১টা থেকে প্যারিসের ২৫টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ থাকা উল্লেখযোগ্য স্টেশনগুলোর মধ্যে রয়েছে আর্জঁতুই, শঁঞ্জেলিজে ক্লেমঁসো, শারোন, কনকর্ড, ইনভালিদ, মাদলেন, ওবেরক্যাম্প, ওদেয়ঁ, রিশেলিয়ে লেনোয়ার ও ভলতেয়াক। এসব স্টেশনে মেট্রো ট্রেন অতিক্রম করলেও কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না এবং সংযোগ পরিষেবাও বন্ধ রাখা হবে। বাস ও ট্রাম চলাচল স্বাভাবিক থাকার পূর্বাভাস থাকলেও রেল ধর্মঘটের কারণে আঞ্চলিক ও আর-ই-আর ট্রেনের সূচিতে বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আর-ই-আর ডি লাইনে প্রতি তিনটি ট্রেনের মধ্যে মাত্র একটি চলবে। তবে দূরপাল্লার টিজিভি ট্রেনের সেবা প্রায় ৯০ শতাংশ স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

 

পরিবহন খাতের পাশাপাশি এই ধর্মঘটের প্রভাব পড়বে শিক্ষা ব্যবস্থাতেও। শিক্ষক সংগঠনগুলোর ধর্মঘটের আহ্বান এবং শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে প্যারিসের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও অন্যান্য পরিষেবা সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধের কোনো কেন্দ্রীয় ঘোষণা দেওয়া হয়নি।

 

এদিকে, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি এড়াতে প্যারিস সিটি প্রশাসন রাস্তা থেকে নির্মাণকাজের সরঞ্জাম, অস্থায়ী ব্যারিকেড, আবর্জনা ফেলার পাত্র ও দাহ্য বস্তু সরিয়ে ফেলার কাজ সম্পন্ন করেছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর নিরাপত্তায় পৌর পুলিশ মোতায়েনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আজ দুপুরের দিকে একটি জরুরি ব্যবস্থাপনা সেল সক্রিয় করা হবে। শহরজুড়ে কারফিউ জারির বিষয়টি প্রশাসন নাকচ করে দিলেও, নির্দিষ্ট কিছু এলাকায় অনুমতিহীন সভা-সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমতাবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নগরবাসীকে ঘর থেকে বের হওয়ার আগে পরিবহন কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা জেনে যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন