সারা বাংলা
মুন্সিগঞ্জে মাজারের ভেতর দিনমজুরকে হত্যা, অভিযুক্ত পলাতক

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুর খুন হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে বুধবার রাত ৯টার দিকে চরকেওয়ার এলাকায় হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহের মাজার শরীফের একটি কক্ষে এ হামলার ঘটনা ঘটে। নিহত জাহেদ বেপারী স্থানীয় বাসিন্দা এবং মাজারের ভক্ত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে জাহেদ নিজের বাড়ির পাশে অবস্থিত মাজার শরীফের একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার ফরিদ বেপারী হঠাৎ ওই কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। জাহেদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী ফরিদ পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা জাহেদকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। এরপর রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। তিনি আরও জানান, ফরিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পূর্বশত্রুতা ও বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/এমএনকে