আন্তর্জাতিক, ভারত
ঘুষের টাকা নিয়ে গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিলেন ভারতের ওড়িশার পুলিশ কর্মকর্তা

ওড়িশার সম্বলপুর জেলায় দশ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ভিজিল্যান্স দলের হাতেনাতে ধরা পড়ার উপক্রম হলে পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন এক পুলিশ কর্মকর্তা। তবে জলে নেমেও শেষ রক্ষা হয়নি তার। ভিজিল্যান্স কর্মীরা পুকুরের জলে নেমেই ধাওয়া করে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তার নাম সুজিত কুমার মহান্তা। তিনি সম্বলপুর জেলার মাহুলপালি থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, একটি মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ওই মামলাটি নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে এক অভিযোগকারীর কাছে ঘুষ দাবি করেছিলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী থানার বাইরে একটি নির্জন স্থানে ওই অভিযোগকারীর কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন সুজিত। ঠিক সেই মুহূর্তে সেখানে ভিজিল্যান্স দল উপস্থিত হয়। পরিস্থিতি বেগতিক দেখে ওই কর্মকর্তা দৌড়ে গিয়ে কাছের একটি পুকুরে ঝাঁপ দেন। কিন্তু ভিজিল্যান্স দলের কর্মীরাও তার পিছু পিছু জলে নেমে তাকে ধরে ফেলেন।
এই ঘটনার পর ভিজিল্যান্স কর্মকর্তারা ওই সাব-ইন্সপেক্টরের কার্যালয়, সরকারি বাসভবন এবং অন্যান্য সম্পত্তিতে ব্যাপক তল্লাশি চালান। তল্লাশিকালে থানা সংলগ্ন তার বিশ্রামকক্ষ থেকে আরও এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নগদ অর্থ জব্দ করা হয়। অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন