আন্তর্জাতিক
মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের নারীদের জন্য সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছেন। ইউক্রেনে মানবিক সহায়তায় অসামান্য ব্যক্তিগত অবদানের স্বীকৃতিস্বরূপ মেলানিয়াকে ‘অর্ডার অব প্রিন্সেস ওলহা, প্রথম শ্রেণি’ পদক দেয়া হয়।
সম্প্রতি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন প্রদেশের ওলেশকিতে একটি যুদ্ধবিরতি সম্পন্ন হয়। এর ফলে রুশ নিয়ন্ত্রিত ওই শহর থেকে কয়েকশ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। এই উদ্ধারকাজের সঙ্গে যুক্ত রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিরা মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসে বৈঠকে বসছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, মেলানিয়া ট্রাম্প ‘স্বাধীনভাবে যুদ্ধরত দুটি দেশের মধ্যে যোগাযোগের সূচনা করেছেন এবং সফলভাবে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন’। তারা আরও জানায়, ‘এই অর্জন একজন মার্কিন ফার্স্ট লেডির পক্ষ থেকে এক অভূতপূর্ব কূটনৈতিক উদ্যোগ।’ রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই এই যুদ্ধবিরতি মধ্যস্থতার জন্য মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে, যদিও তার ঠিক কী ধরনের ভূমিকা ছিল সে বিষয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।
হোয়াইট হাউসে যাওয়া প্রতিনিধি দলে থাকবেন ইউক্রেনের মানবাধিকার বিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেটস এবং তার রুশ সমকক্ষ ইয়ানা লান্ত্রাতোভা। এছাড়া ইউক্রেনের আইনপ্রণেতা ডেভিড আরাখামিয়া এবং রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা কিরিল দিমিত্রিয়েভও থাকবেন। লুবিনেটস ও লান্ত্রাতোভা গত সপ্তাহে একসঙ্গে ওলেশকিতে গিয়েছিলেন, যা রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে এক বিরল সহযোগিতার নিদর্শন।
ইউক্রেনের পার্লামেন্টে জেলেনস্কির দলের প্রধান আরাখামিয়া এর আগে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের অংশ ছিলেন। ইউক্রেনীয় গণমাধ্যমের সূত্রমতে, যুদ্ধবিরতি চলাকালে হোয়াইট হাউস ও মস্কোর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগের দায়িত্বে ছিলেন তিনি এবং বৃহস্পতিবারের আলোচনায় তার অংশগ্রহণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রতিনিধি দলে থাকবেন লান্ত্রাতোভা এবং ক্রেমলিনের ঘনিষ্ঠ ব্যবসায়ী কিরিল দিমিত্রিয়েভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আলোচনায় দিমিত্রিয়েভ প্রায়ই অংশ নিয়ে থাকেন।
দিমিত্রিয়েভ এবং আরাখামিয়া দুজনেই উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার অভিজ্ঞ আলোচক। একজন মার্কিন ফার্স্ট লেডির উদ্যোগে এত ঊর্ধ্বতন প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজনের বিষয়টি বেশ বিরল। হোয়াইট হাউসের এই আয়োজনে ঠিক কী নিয়ে আলোচনা হবে তার বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লুবিনেটস বলেন, ‘সামনে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।’ হোয়াইট হাউসের ওয়েবসাইট জানিয়েছে, ওলেশকির যুদ্ধবিরতি নিয়ে মেলানিয়া ট্রাম্প স্থানীয় সময় বেলা ১১টায় বক্তব্য রাখবেন।
জেলেনস্কির ডিক্রিতে মেলানিয়া ট্রাম্পের বৃহত্তর মানবিক কাজের কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় শিশুদের নিয়ে তার প্রচেষ্টার কারণেই তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। মেলানিয়া ট্রাম্প সাধারণত পররাষ্ট্রনীতির বিষয়ে খুব একটা সরব হন না, তবে ২০২৫ সালে তিনি বলেছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগের একটি ‘উন্মুক্ত মাধ্যম’ তৈরি করা হয়েছে, যার ফলে যুদ্ধে বাস্তুচ্যুত ইউক্রেনীয় শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া সম্ভব হয়েছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন