আন্তর্জাতিক
‘ইরানে হামলা চালানো সঠিক ছিল’, নির্বাচনে পরাজয়ের পরও দাবি ট্রাম্পের

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পরও ইরানে হামলা চালানোকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সঠিক বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে আটকাতে সামরিক ব্যবস্থা নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প ছিল না। বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসে তিনি এসব কথা বলেন।
এই সংঘাত আদৌ যৌক্তিক ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, হ্যাঁ। মানে, আপনাদের হাতে কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘ইরানের ব্যাপারে আমাদের যা করার দরকার ছিল, আমরা তা করেছি এবং সেটা চালিয়ে যাচ্ছি।’
রিপাবলিকানদের হারের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে মন্তব্য করেছেন, তার সঙ্গে একমত পোষণ করেন ট্রাম্প। তিনি স্বীকার করেন, এই সংঘাতের কারণে স্বল্পমেয়াদে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তিনি বলেন, ‘আমি মনে করি এটা অনেকাংশেই সত্য, কারণ এর ফলে জ্বালানির দাম বেড়েছে।’ তবে সামরিক অভিযান শুরু করা ও তা অব্যাহত রাখার পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, ‘একই সঙ্গে, যদি আমাকে আবার এই কাজ করতে হয়, তবে আমি তা-ই করব। কারণ দীর্ঘমেয়াদে এটাই একমাত্র সমাধান। আপনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারেন না।’
এর আগে বুধবার এক্সে দেয়া এক বিবৃতিতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘আমাদের হেরে যাওয়ার কারণ হলো এই যুদ্ধ।’ ভ্যান্সের এই দীর্ঘ পোস্টটিকে ‘ভালো’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, ওই যুদ্ধের বিষয়ে আমি ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতাম না।’
ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, যদি তিনি ব্যালটে থাকতেন, তবে রিপাবলিকানরাই জয়ী হতো। আক্ষেপ করে তিনি বলেন, ‘সমাবেশগুলোতে যে পরিমাণ ভালোবাসা ছিল, তা অবিশ্বাস্য। আর আমরা সেই ভালোবাসা প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারিনি।’
পরবর্তীতে সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরবর্তী কংগ্রেসে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে তিনি ‘মানুষের ধারণার চেয়েও বেশি বিষয়ে’ কাজ করতে পারবেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসভিএন