সারা বাংলা
পটুয়াখালীতে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের একটি পানক্ষেতের পাশের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম ইসরাত জাহান যুথি (১৬)। সে উপজেলার সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং দক্ষিণ ঘটকের আন্দুয়া (মাছুয়াখালী) গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে বাড়ির অদূরে একটি জুতার সূত্র ধরে খুঁজতে গিয়ে পানক্ষেতের পাশে অস্বাভাবিক অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। এ সময় মরদেহের পাশে তার স্কুলের ফাইল ও প্রবেশপত্রসহ বিভিন্ন শিক্ষাগত কাগজপত্র পড়ে ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘দুই দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশ থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা জানতে তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।’
ডিবিসি/এমএনকে