সারা বাংলা
নিয়ম ও শর্ত মেনেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

নিয়ম-কানুন, নীতিমালা ও শর্ত মেনেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টমেটো, আম ও আঙুর বাগান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, উপজেলা প্রশাসনের সুপারিশের পর জেলা কমিটি তা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠায়। পরবর্তীতে নিয়মকানুন ও শর্ত মেনেই চূড়ান্ত সার ডিলার নিয়োগ দেওয়া হয়। এরপরও ডিলার নিয়োগের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে তা পুনরায় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলায় সারের কোনো সংকট নেই দাবি করে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে সারের কোনো ঘাটতি বা সংকট তৈরি হয়নি। বরং এই জেলার জন্য অতিরিক্ত ৩ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে।
বাগান পরিদর্শণকালে মন্ত্রী স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীসহ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।