বিবিধ
যাত্রীসেবার মানোন্নয়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

যাত্রীসেবার মানোন্নয়ন, ফ্লাইটের সময়ানুবর্তিতা নিশ্চিত এবং গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়াতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইতোমধ্যে এ খাতে ১২ মিলিয়ন ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উড়োজাহাজের বহর সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট সংগ্রহে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে এয়ারলাইন্সটির ব্যবস্থাপনায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে আরও ১৪৬টি নতুন সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নতুন সরঞ্জামের মধ্যে রয়েছে এয়ারক্রাফট পুশব্যাক ট্রাক্টর, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, প্যাসেঞ্জার বোর্ডিং স্টেয়ারস, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, ক্যাটারিং ট্রাক এবং অন্যান্য র্যাম্প সাপোর্ট ইকুইপমেন্ট।
পরিবেশবান্ধব কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি বৈদ্যুতিক যানবাহন পরিচালনার উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা। এসব যানবাহনের জন্য চার্জিং অবকাঠামো স্থাপনের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত হলে জ্বালানির ব্যবহার ও স্থানীয় পর্যায়ে কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যমান ১৪টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে আরও প্রায় ১৬টি নতুন গন্তব্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তুলতে গ্রাউন্ড সাপোর্ট সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর আধুনিকায়নে সরকারের উদ্যোগের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা ও পরিবেশবান্ধব বিমান পরিচালনাব্যবস্থা গড়ে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
ডিবিসি/এসএফএল