বাংলাদেশ, সারা বাংলা
সিরাজগঞ্জের মৎস্য আড়ত থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
এ ঘটনায় মাছের মালিককে না পেয়ে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। এ সময় রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রায় ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। মাছের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মাছগুলো ময়মনসিংহ এলাকা থেকে ওই আড়তে আনা হয়েছিল। ২৬ মণ মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, পিরানহা মাছ দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকিস্বরূপ। এটি জলজ জীব বৈচিত্র্যের ক্ষতি করে এবং দেশীয় মাছের বংশ বিস্তার ও অস্তিত্বের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ। জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
ডিবিসি/ আরএফই