ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে আহত সেনা সদস্য তিতাস শেখের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে আহত সেনা সদস্য তিতাস শেখের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাংলাদেশ, সারা বাংলা

টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে আহত সেনা সদস্য তিতাস শেখের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড়ী এলাকায় মানবপাচারকারিদের সাথে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় মো. তিতাস শেখ নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেরিত এক তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর প্রেরিত তথ্যে বলা হয়েছে, কক্সবাজারের টেকনাফে রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক মোঃ তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযানে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া, মানবপাচারকারী চক্রের ৫ জন সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় নোটটিতে।

নোটটিতে নিহতের বিস্তারিত পরিচয় না জানালেও একটি সূত্র জানিয়েছে, নিহত সেনাসদস্য মোঃ তিতাস শেখ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে।

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল তালুকদার নিহত সেনা সদস্যের আত্মীয়তার সম্পর্কে মামা হন। 


 

তিনি জানিয়েছেন, বিভিন্ন সূত্রে তার ভাগিনা তিতাস মারা যাওয়ার বিষয়টি জেনেছেন। মরদেহ শুক্রবার সকালে পাঠানোর কথা।


একটি সূত্র বলছে, বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে টেকনাফের লেদাস্থ ২৪ ও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী গহীন পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গেলে মানবপাচারকারি চক্রের সাথে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অভিযানে ৫ জনকে আটক করে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন