ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মাঝেই গাজায় নতুন ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৪

যুদ্ধবিরতির মাঝেই গাজায় নতুন ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মাঝেই গাজায় নতুন ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসাসূত্রগুলো জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।

দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসাসূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে আজ-জাওয়াইদার পশ্চিমে বাস্তুচ্যুত মানুষদের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ২৭ বছর বয়সী আবদুল রহিম ওয়ালিদ মাতার নিহত হন।


নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, খান ইউনিসে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রিত এলাকার বাইরে ইসরায়েলি গুলিতে এক নারী নিহত ও দুজন আহত হয়েছেন। অন্যদিকে আল-আউদা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু প্রাণ হারিয়েছে।


দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক আশরাফ আমরা জানান, পূর্ব বুরেজে বাড়িঘর ও তাঁবু লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ইসরায়েলি বাহিনী, আর এতেই ওই শিশুটি ঘটনাস্থলে মারা যায়। তিনি বলেন, ‘আল-মাওয়াসি এলাকার দিকে সরাসরি নজর রাখা যায় এমন প্রান্তগুলোতে অবস্থান নিয়ে ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুত মানুষদের তাঁবু লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করছে।’ তিনি আরও জানান, নিজের তাঁবুর ভেতর বসে থাকা এক ব্যক্তি এতে গুরুতর আহত হয়েছেন এবং তাকে অস্ত্রোপচারের জন্য নাসের হাসপাতালে নেয়া হয়েছে।


চিকিৎসাসূত্র আল জাজিরাকে জানিয়েছে, আজ-জাওয়াইদাতে আরেকটি ড্রোন হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট নিহতের সংখ্যা চারে দাঁড়াল। এছাড়া দেইর আল-বালাহর আল-বারাকা এলাকায় স্থানীয় বাসিন্দাদের একটি জমায়েতে ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হলে বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-কারামা এলাকার একটি অ্যাপার্টমেন্টে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি আর্টিলারি থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে এবং নৌবাহিনীর জাহাজ থেকেও উপকূলের দিকে গুলি ছোড়া হয়েছে।


স্থানীয় সূত্রগুলো জানায়, মাঘাজি শিবিরের পূর্বে হোসনি আল-মুসাদ্দার মসজিদের চারপাশে ইসরায়েলি সামরিক যান থেকে ভারী গুলিবর্ষণ করা হয় এবং কাছাকাছি একটি ড্রোন থেকে বোমা ফেলা হয়। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খান ইউনিসের পূর্বে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা, কারণ ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকার ভেতরে বাড়িঘর ও বেসামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে। সাংবাদিক আশরাফ আমরা জানান, ইসরায়েলি বাহিনী আল-মুসাদ্দার এবং দেইর আল-বালাহর পূর্ব প্রান্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং বাড়িঘর ও কৃষিজমি গুঁড়িয়ে দিয়ে তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পেছনে আরও জমি দখল করে নিচ্ছে।


গত বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন আগের আঘাতেই মারা যান। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৯৪ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬১৮ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯২০ জন। গাজার সরকারি মিডিয়া অফিস সোমবার জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ৫ হাজার ৯৮৯ বার তা লঙ্ঘন করেছে। এর মধ্যে শুধুমাত্র অক্টোবরেই ৭৫৩টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে ৩৪৬টি গোলাবর্ষণ, ৩১০টি বোমা হামলা এবং ৬৪টি বাড়িঘর ধ্বংসের ঘটনা।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন