আন্তর্জাতিক
মরিশাসে কন্টেইনার থেকে বাক্স নামানোর সময় চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মরিশাসের প্লেন-দেস-পাপায়েসের মস্ক রোড এলাকায় একটি কন্টেইনার ডিপোতে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন ৩৬ বছর বয়সী মোহাম্মদ মিরাজ হোসেন, ৩৭ বছর বয়সী হোসেন মো. বালাল এবং ২৫ বছর বয়সী সিকদার জোবায়েদ ইসলাম। গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।
উক্ত স্থানটিতে কন্টেইনার সংরক্ষিত ছিল, যেখানে আট ফুট দীর্ঘ ও ছয় ফুট চওড়া এবং ছয় মিলিমিটার পুরু কাঁচের প্যানেলভর্তি কাঠের বাক্সগুলোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই তিন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাক্সগুলোর নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন। নিহত তিনজনই প্লেন-দেস-পাপায়েসের একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা মানদণ্ড ও ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা তদন্ত করতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতদের পরিবার যদি ইচ্ছুক হয়, তবে নিয়োগকর্তাকে তাদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে হবে এবং মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় খরচ বহন করতে হবে।
সূত্র: ল্য এক্সপ্রেসো
ডিবিসি/ এসভিএন