আন্তর্জাতিক
২৮০০ বছর আগেও নেশার উপকরণ ছিল গাঁজা

রাশিয়ার সাইবেরিয়ার একটি প্রাচীন সমাধি থেকে ২৮০০ বছরের পুরনো গাঁজা ব্যবহারের প্রমাণ মিলেছে, যা এখন পর্যন্ত মানুষের নেশাদ্রব্য হিসেবে গাঁজা ব্যবহারের সবচেয়ে পুরোনো ঐতিহাসিক নিদর্শন। দক্ষিণ সাইবেরিয়ার তুভা প্রজাতন্ত্রের উয়ুক উপত্যকায় স্কাইথিয়ান সভ্যতার একটি বিশাল সমাধিস্তম্ভে গবেষণা চালিয়ে গবেষকরা এই প্রাচীন তথ্য উদ্ঘাটন করেছেন।
সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয় এবং জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব জিওঅ্যানথ্রোপোলজির প্রত্নতাত্ত্বিক জিনো ক্যাসপারির নেতৃত্বে পরিচালিত এই গবেষণার ফলাফল ‘সায়েন্স’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষক দল ওই সমাধি থেকে ১৪০০টিরও বেশি গাঁজার বীজ উদ্ধার করেছে এবং সমাধির ভেতরে থাকা মানবদেহের চুলের রাসায়নিক বিশ্লেষণে টিএইচসি (THC)-এর উপস্থিতি নিশ্চিত করেছে। প্রাচীন এই সভ্যতার অভিজাতদের অন্ত্যেষ্টিক্রিয়া ও আচার-অনুষ্ঠানের অংশ হিসেবেই যে গাঁজা ব্যবহার করা হতো, তা এই আবিষ্কারের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
উদ্ভিদজাত নরম টিস্যু ও গাছের অবশিষ্টাংশ দীর্ঘদিন সংরক্ষিত না থাকায় অতীতে গাঁজার নেশাসক্ত ব্যবহারের সঠিক ইতিহাস খুঁজে পাওয়া কঠিন ছিল। এ বিষয়ে গবেষক জিনো ক্যাসপারি বলেন, ‘অতীতে সাইকোট্রপিক ড্রাগ বা মনস্তাত্ত্বিক মাদকের ব্যবহার নিয়ে অনেক অনুমান করা হয়, তবে খুব কম ক্ষেত্রেই আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই এবং নিশ্চিত করতে পারি যে কোনো উদ্ভিদ ঠিক এই উদ্দেশ্যে সেবন করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘এর কারণ হলো উদ্ভিদের অবশিষ্টাংশ এবং মানবদেহের নরম টিস্যু খুব কমই টিকে থাকে এবং একই পারিপার্শ্বিকতায় উভয়ের টিকে থাকার ঘটনা আরও বিরল। আমাদের এই গবেষণা সাইকোট্রপিক বা নেশাজাতীয় গাঁজা সেবনের সবচেয়ে প্রাচীন প্রত্যক্ষ প্রমাণ সামনে নিয়ে এসেছে।’
এছাড়াও, সাইবেরিয়ার এই সমাধি থেকে প্রাচীনতম গাঁজার ডিএনএ উদ্ধার করা হয়েছে, যা ভবিষ্যতে এই ফসলের গৃহপালিতকরণের ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করবে বলে মনে করছেন গবেষকরা।
সূত্র: রয়টার্স
ডিবিসি/ এসভিএন