ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

এআই নিয়ন্ত্রণের শঙ্কায় বিশ্ব শেয়ারবাজারে ধস

এআই নিয়ন্ত্রণের শঙ্কায় বিশ্ব শেয়ারবাজারে ধস

আন্তর্জাতিক, অন্যান্য

এআই নিয়ন্ত্রণের শঙ্কায় বিশ্ব শেয়ারবাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিয়ন্ত্রণ বাড়ার আশঙ্কায় বিশ্ব শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। ওয়াল স্ট্রিটে ধসের ধাক্কায় শুক্রবার (৬ নভেম্বর) এশিয়ার প্রযুক্তিনির্ভর বাজারগুলোতে ব্যাপক বিক্রি দেখা যায়। ইউরোপের প্রধান বাজারগুলোও লেনদেনের শুরুতে নিম্নমুখী ছিল।

বিনিয়োগকারীদের আশঙ্কা, নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটরা ডেটা সেন্টার নির্মাণে বাধা বাড়াতে পারেন। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মতাদর্শনির্বিশেষে অনেক ভোটার এসব প্রকল্পের বিরোধিতা করছেন। সিনেটর বার্নি স্যান্ডার্সের দেশজুড়ে নতুন ডেটা সেন্টার নির্মাণ স্থগিতের আহ্বানও উদ্বেগ বাড়িয়েছে।


এআই খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে মুনাফা কবে আসবে, তা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। এর সঙ্গে ঋণের ব্যয় বৃদ্ধি ও প্রযুক্তি কোম্পানিগুলোর অস্বাভাবিক উচ্চ মূল্যায়ন বাজারের অস্থিরতা আরও বাড়িয়েছে।


বৃহস্পতিবার নিউইয়র্কে নাসডাক সূচক ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক চার শতাংশের বেশি এবং ডাও জোন্স ৩ দশমিক ৪ শতাংশ হারিয়েছে। বাজারের এই পতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


শুক্রবার দক্ষিণ কোরিয়ার কসপি সূচক একপর্যায়ে প্রায় নয় শতাংশ পড়ে যায়; দিন শেষে পতন দাঁড়ায় ছয় শতাংশে। এসকে হাইনিক্সের শেয়ার দশ শতাংশের বেশি এবং স্যামসাংয়ের শেয়ার ৬ দশমিক ৪ শতাংশ কমেছে।


জাপানের নিকেই সূচকও ছয় শতাংশ হারিয়েছে। সফটব্যাংকের শেয়ার কমেছে দশ শতাংশের বেশি। টিএসএমসির শেয়ারে ৪ দশমিক ৭ শতাংশ পতনের প্রভাবে তাইওয়ানের প্রধান সূচকও প্রায় সমপরিমাণ কমেছে।


এদিকে ইরান যুদ্ধ অবসানের প্রাথমিক আশাবাদের পর তেলের দাম আবার বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেল ব্যারেলপ্রতি ৯৯ ডলারে উঠেছে। বিনিয়োগকারীরা যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের আসন্ন কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রাখছেন।


সূত্র: এএফপি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন