ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

গাজায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ, পরিবেশ বিপর্যয়ের সতর্কবার্তা

গাজায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ, পরিবেশ বিপর্যয়ের সতর্কবার্তা

আন্তর্জাতিক, আরব

গাজায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ, পরিবেশ বিপর্যয়ের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ৬ কোটি ১০ লাখ থেকে ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ জমেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পরিবেশ মান কর্তৃপক্ষ। এর মধ্যে প্রায় ৪০ লাখ টন বিপজ্জনক বর্জ্য এবং অন্তত ৫০ হাজার টন ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টস রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে পরিবেশের শোষণ প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে কর্তৃপক্ষ গাজায় পরিবেশগত ও মানবিক বিপর্যয়ের সতর্কবার্তা দেয়।


বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় গাজার ৮২ শতাংশ কৃষিজমি, জলপাইসহ অন্যান্য ফলের ৯৭ শতাংশ গাছ এবং পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামোর ৮৪ শতাংশ ধ্বংস হয়েছে। পয়োনিষ্কাশনব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্যপানি রাস্তাঘাট ও জলাধারে গিয়ে পড়ছে।


কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে পরিবেশের ওপর ৭৬০টি ইসরায়েলি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কৃষিজমি ও প্রাকৃতিক সংরক্ষিত এলাকায় ২০৩টি এবং বন ও উদ্ভিদের ওপর ১৭৮টি হামলার ঘটনা রয়েছে।


এসব ঘটনায় জলপাইবাগান গুঁড়িয়ে দেওয়া, বসতি সংযোগকারী সড়ক নির্মাণ এবং সামরিক ও বসতি স্থাপনের উদ্দেশ্যে ফিলিস্তিনি জমি দখলের অভিযোগ করা হয়েছে। প্রায় এক লাখ জলপাইগাছসহ বিপুলসংখ্যক গাছ উপড়ে ফেলা হয়েছে; ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৭০ লাখ ডলার।


বিবৃতিতে বিপজ্জনক বর্জ্য, খাদ্যনিরাপত্তা, গবাদিপশু, পানির উৎস ও সেচব্যবস্থায় হামলার তথ্যও তুলে ধরা হয়। এসব লঙ্ঘন বন্ধে এবং ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ ও সুরক্ষার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ চেয়েছে কর্তৃপক্ষ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন