ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

ব্রাজিলে হোটেলের জানালার ফ্রেম ভেঙে সাততলা থেকে পড়ে নারীর মৃত্যু

ব্রাজিলে হোটেলের জানালার ফ্রেম ভেঙে সাততলা থেকে পড়ে নারীর মৃত্যু

আন্তর্জাতিক, অন্যান্য

ব্রাজিলে হোটেলের জানালার ফ্রেম ভেঙে সাততলা থেকে পড়ে নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ব্রাজিলের সাও লুইস শহরে একটি হোটেলের জানালার অ্যালুমিনিয়ামের ফ্রেম ভেঙে সপ্তম তলা থেকে পড়ে ২৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রেনাতা রেবেকা নেগ্রাও সালদানহা দোস সান্তোস। তিনি প্রেমিকের সঙ্গে পোন্তা দিআরেইয়া এলাকার রিও পোটি হোটেলে অবস্থান করছিলেন।

নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পড়ে যাওয়ার পর রেনাতা হোটেলের প্রবেশপথের ওপরের ছাউনিতে আছড়ে পড়েন। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ঘটনাটি হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।


নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, করিডরের একটি জানালার কিনারায় বসে ছিলেন রেনাতা। একপর্যায়ে তিনি অ্যালুমিনিয়ামের ফ্রেমে হেলান দিলে সেটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে নিচে পড়ে যান তিনি। কাছাকাছি থাকা তার প্রেমিক কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে ছিলেন। পরে হোটেলের এক কর্মী সেখানে আসেন।


তদন্তকারী পুলিশ কর্মকর্তা জর্জ মার্কেসের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ফুটেজে ধাক্কা দেওয়া বা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। মার্কেস বলেন, ‘কেউ ধাক্কা দেয়নি। ওই ব্যক্তি তার কাছেও ছিলেন না।’ জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিককে নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়।


পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনার সময় দুজন অ্যালকোহল বা অন্য কোনো মাদকের প্রভাবে থাকতে পারেন। তদন্তের অংশ হিসেবে হোটেলকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজন হলে প্রেমিককেও আবার ডাকা হতে পারে। হোটেল কর্তৃপক্ষ শোক জানিয়ে তদন্তে সহযোগিতার কথা বলেছে।


দুই সন্তানের মা রেনাতা প্যারা থেকে ২৮ অক্টোবর প্রেমিকের সঙ্গে পোকার খেলতে সাও লুইসে এসেছিলেন। মঙ্গলবারই তাদের ফেরার কথা ছিল। তার মা বেটি নেগ্রাও বলেন, ‘মেয়ে আনন্দ করতে গিয়েছিল, আর আমি তাকে কফিনে গ্রহণ করছি।’


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন