আন্তর্জাতিক, ভারত
রিল বানানোর জন্য কলকাতায় যুবককে পেট্রোল খাওয়ানোর চেষ্টা, গায়ে আগুন

সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর জন্য কলকাতায় এক ব্যক্তিকে পেট্রোল খাইয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই ব্যক্তিকে কৌশলে গড়ফার হালতু এলাকার একটি পুকুরপাড়ে ডেকে নেয় অভিযুক্তরা। এরপর খেলা করার ছলে তার মাথায় হেলমেট পরিয়ে এবং চোখ বেধে বারবার চড়থাপ্পড় মারা হয়।
ভুক্তভোগী ব্যক্তি হেলমেট খুলে ফেললে অভিযুক্তরা তাকে জোর করে পেট্রোল পান করানোর চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে তার গায়ে পেট্রোল ঢেলে একটি জ্বলন্ত কাঠি ছুড়ে দেওয়া হয়, যার ফলে তার পোশাকে আগুন ধরে যায়।
পরে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে ও জ্বলন্ত পোশাক খুলে নিজের প্রাণ বাঁচান। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য রিল বানানোর উদ্দেশ্যেই অভিযুক্তরা এ ঘটনা রেকর্ড করেছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মূল অভিযুক্ত অর্ঘ্য সাহাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি দুই নাবালককেও আটক করা হয়েছে।
ডিবিস/এসডিব্লউএন