আন্তর্জাতিক, আমেরিকা
সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করতে যাচ্ছে টেসলা!

যুক্তরাষ্ট্রের লাভজনক পিকআপ ট্রাকের বাজারে আধিপত্য বিস্তারের চেষ্টায় ইতি টানছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, সাইবারট্রাকের উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ করা হবে। মূলত রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্বয়ংক্রিয় গাড়ির বহরে নজর দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাস্ক জানান, সাইবারক্যাব তৈরির পরিসর বাড়াতে আগামী বছরের মাঝামাঝি নাগাদ টেক্সাসের গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। তবে অন্য কোনো কারখানায় এটি তৈরি করা হবে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি। উল্লেখ্য, এই গাড়ি তৈরির বিশেষ যন্ত্রপাতির জন্য বিপুল অঙ্কের নতুন বিনিয়োগের প্রয়োজন হতে পারে।
মাস্ক সাধারণ গাড়ি প্রস্তুতকারকদের মতো একের পর এক নতুন মডেল এনে ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল বাদ দিয়ে টেসলার ভবিষ্যৎকে রোবোটিক্স, এআই এবং চালকবিহীন গাড়ির সঙ্গে যুক্ত করেছেন। একই সাথে টেক্সাসের কারখানাটি টেসলার অপটিমাস হিউম্যানয়েড রোবট তৈরিতেও ব্যবহার করা হবে।
২০২৩ সালের শেষের দিকে বেশ কয়েক দফা বিলম্বের পর সাইবারট্রাক বাজারে আনে টেসলা। বিশেষ করে এর স্টিলের বডি তৈরির জটিলতার কারণে এটি নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। নিরাপত্তা মানদণ্ড পূরণ না করতে পারায় ইউরোপের বাজারে গাড়িটি কখনোই বিক্রির অনুমোদন পায়নি।
এমনকি উৎপাদন শুরুর আগেই মাস্ক এর বাণিজ্যিক ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। ২০২৩ সালের এক আয়ের পর্যালোচনায় তিনি মন্তব্য করেছিলেন, ‘সাইবারট্রাক দিয়ে আমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছি।’ প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল প্রতি বছর ২ লাখ সাইবারট্রাক বিক্রি করা, কিন্তু তা লক্ষ্যমাত্রার ধারের কাছেও যেতে পারেনি। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে সাইবারট্রাকসহ টেসলার ‘অন্যান্য মডেলের’ গাড়ি সরবরাহ হয়েছে মাত্র ৮,৩০০টি; বিপরীতে একই সময়ে মডেল ৩ এবং মডেল ওয়াই সরবরাহ হয়েছে ৪ লাখ ৭৮ হাজারটি। বিক্রি কমে যাওয়ার কারণে চলতি বছর আগেই নিজেদের প্রিমিয়াম মডেল এস ও মডেল এক্স-এর উৎপাদন বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
টেসলার নজর এখন পুরোপুরি তাদের চালকবিহীন ট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর দিকে। স্টিয়ারিং হুইলহীন দুই যাত্রীবাহী এই গাড়ি দিয়ে টেক্সাসের অস্টিনের নির্দিষ্ট কিছু এলাকায় ইতিমধ্যে ভাড়ায় সেবা চালু করা হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির মধ্যে এই সেবা যুক্তরাষ্ট্র বা বৈশ্বিক বাজারে কতটা দ্রুত বিস্তার লাভ করবে, তা এখনও নিশ্চিত নয়।
সাইবারক্যাবের পাশাপাশি টেসলা তাদের দীর্ঘ প্রতীক্ষিত সেমি ইলেকট্রিক লরির উৎপাদন বৃদ্ধি করছে। এছাড়া ২০২৮ সাল নাগাদ তাদের নতুন রোডস্টার স্পোর্টস কারের সড়ক সংস্করণ উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যদিও এটি টেসলার ভবিষ্যতে বড় কোনো মুনাফা আনবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলার অনুদানপ্রাপ্ত রিপাবলিকান প্রার্থীরা পরাজিত হওয়ায় সাম্প্রতিক দিনগুলোতে শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছেন এই শীর্ষ ধনী। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কংগ্রেস এআই বিপ্লবের গতি শ্লথ করতে পারে এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের আস্থার সংকটে এক দিনেই টেসলার শেয়ারদর কমেছে ১১ শতাংশ এবং স্পেসএক্সের ৯ শতাংশ। এর ফলে মাস্কের কাগজি সম্পদের মূল্য হ্রাস পেয়েছে প্রায় ১১ হাজার ৩০০ কোটি ডলার।
সূ্এ: দ্য গার্ডিয়ান