ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লক্ষ্মীপুরে মাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছেলেকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে মাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছেলেকে মারধরের অভিযোগ

সারা বাংলা

লক্ষ্মীপুরে মাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছেলেকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

লক্ষ্মীপুরের রামগতিতে মাকে অশ্লীল ইঙ্গিত ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমতার উদ্দিন ফাহাদ নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে রাজিব (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ফাহাদকে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হারুন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী গৃহবধূ পারভীন বেগমের (৩৩) ভাই রাসেল চৌধুরী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজিব বিভিন্ন সময় তাঁর বোনকে অশ্লীল ইঙ্গিত ও কটূক্তি করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে।

 

তিনি জানান, শুক্রবার সকালে পারভীন বেগম বাড়ির সামনে রান্নার জন্য গাছ থেকে শিম তুলতে গেলে রাজিব তাঁকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলতে থাকেন। এ সময় বিষয়টির প্রতিবাদ করলে তাঁর ছেলে ইমতার উদ্দিন ফাহাদের সঙ্গে রাজিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজিব তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন।

 

রাসেল চৌধুরীর অভিযোগ, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় ফাহাদ বাজারে গেলে রাজিব তাঁর ওপর হামলা চালান। এ সময় লোহার রড দিয়ে ফাহাদের মাথায় আঘাত করা হয়। এতে রক্তাক্ত অবস্থায় ফাহাদ দৌড়ে পাশের একটি স্থানে আশ্রয় নেন।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরিবারের দাবি, বর্তমানে ফাহাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

 

রাসেল চৌধুরী বলেন, তাঁর বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাগনের ওপর এমন হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাজিবের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন