আন্তর্জাতিক
ডেমোক্র্যাটদের প্রতি ইরান যুদ্ধের বরাদ্দ বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

আসন্ন কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রতি ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন যুদ্ধের অর্থ বরাদ্দ পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, ‘শুধু নিন্দা বা যুদ্ধবিরোধী প্রস্তাব পাস করে এই সংঘাত থামানো যাবে না। যুদ্ধ থামাতে হলে এর অর্থ বরাদ্দই বন্ধ করতে হবে। এটাই একমাত্র কার্যকর উপায়।’
যুদ্ধটিকে বেআইনি ও অসাংবিধানিক আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে ইতিমধ্যে ১৯ জন মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলোর হাজার হাজার নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে। একই সঙ্গে এতে আমাদের শত শত কোটি ডলার খরচ হয়েছে।’
ভারমন্ট অঙ্গরাজ্যের এই স্বতন্ত্র সিনেটর, যিনি সিনেটে ডেমোক্র্যাটদের সাথেই জোটবদ্ধ থাকেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা স্পষ্টভাবে যুদ্ধ বন্ধের পক্ষেই রায় দিয়েছেন।
ডিবিসি/এসডব্লিউএন