ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কক্সবাজারগামী শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৩০

কক্সবাজারগামী শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৩০

সারা বাংলা

কক্সবাজারগামী শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৩০

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কুমিল্লা থেকে কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধাঁর মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষিকা সোহানা আফরোজ এবং অপর শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪)।

 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী একটি বাস আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিল। বাসটিতে প্রায় ৯৪ জন যাত্রী ছিলেন। পথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ৩০ থেকে ৩২ জন যাত্রী আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করায়। দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, খবর পাওয়ার পরপরই উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

 

এদিকে শিক্ষা সফরের বিষয়ে প্রশাসনের পূর্বানুমতি ছিল না বলে জানিয়েছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন। তিনি জানান, মাদরাসা কর্তৃপক্ষ এই ভ্রমণের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে কিছুই জানায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে কথা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন