সারা বাংলা
গাইবান্ধায় চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছরের বৃদ্ধাকে নির্যাতন

গাইবান্ধায় চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এতে অসুস্থ হয়ে পড়ায় ভুক্তভোগী ওই নারীকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
শনিবার (৭ নভেম্বর) হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে সোমবার (২ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী নারীর নাম গোলাপী বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনযাপন করছেন। অভিযুক্ত ব্যক্তির নাম সাদা মিয়া (৩৫), তিনি একই এলাকার মৃত দারোগ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির সন্দেহে গোলাপী বেগমের ওপর চড়াও হয়ে তাকে শারীরিকভাবে আঘাত ও হেনস্তা করা হয়। তবে ঠিক কী কারণে বা কিসের ভিত্তিতে এই অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, মানসিক ভারসাম্যহীন এক নারীকে হেনস্তার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
ডিবিসি/এমএনকে