আন্তর্জাতিক, আরব
ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিলে সর্বোচ্চ এ অর্থ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তথ্যদাতাকে প্রয়োজনে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে।
শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের পরমাণু কর্মসূচি, সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম এবং বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য চাওয়া হচ্ছে।
১৯৮৪ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জাতীয় নিরাপত্তা পুরস্কার কর্মসূচির অংশ হিসেবে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ চালু করা হয়। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবন ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সহায়ক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এ কর্মসূচির আওতায় পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার ঘোষণার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা পালনে ইরানের অসহযোগিতার কারণে দেশটির পরমাণু কর্মসূচি সম্পর্কে সংস্থাটির নজরদারিতে ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপাদানের উৎপাদন ও মজুত সম্পর্কে ধারাবাহিক তথ্য পাওয়ার সক্ষমতা হারিয়েছে আইএইএ।
তবে কোন ধরনের তথ্যের বিনিময়ে পুরো ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো শর্ত জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সূত্র: মিডল ইস্ট আই
ডিবিসি/এসএফএল